Saturday, 25 November 2017

#খোলাচিঠি
(ডায়েরীর পাতা থেকে)
জানিস,মনখারাপের বিকেল গুলো আজকাল বড্ড অবুঝ,কোনো বারণ শোনে না। নতুন প্রেমিকের মত নিত্য নতুন আবদার।কোনোদিন প্রবল গর্জন আবার কোনোদিন ভীষন বর্ষা। আর সেই বৃষ্টি তে ভেজা কিছু স্মৃতি।পুরনো বাক্স টা তে বন্দী নীল খামে মোড়া হলদে চিঠি,তোর সেই চেনা পারফিউমের গন্ধ,খাতার ভেতর শুকিয়ে যাওয়া লাল গোলাপ আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে। মনে পড়ে যায় ওই লেকের ধারে বসে হাতে হাত রেখে করা কত্ত প্রমিস,কানের পাশের চুল সরিয়ে কত্ত আদর, বলতিস "তোর চুল গুলো মা লক্ষ্মীর মত,ঠিক আমার মায়ের মত"। তোর কথা শুনে হাসতাম আর ভাবতাম তুই কি দেখে আমায় এতো ভালবাসিস!!?? অবাক হতাম তোর ছেলেমানুষী দেখে, অবাক হতাম তোর ভালোবাসায়। আমি কলেজের ফার্স্ট ইয়ার আর তোর চাকরির চেষ্টায় দিনরাত এক করা, একটা থালায় ভাগ করে খাওয়া,মধ্যবিত্ত প্রেম,মধ্যবিত্ত ভালোবাসা। হঠাৎ একদিন তোর চিঠি এলো,চাকরি পেয়েছিস,যেতে হবে অনেক দূর, চেন্নাই। শেষদেখা টা বাকি রয়ে গেলো,আবার প্রমিস করলি, তাড়াতাড়ি ফিরে আসবি। ফোনের ওপারে তোর আওয়াজ শুনে খুব কেঁদেছিলাম সেদিন,তোর তাড়া ছিল,তাই আর প্রতিবারের মত "আই লাভ ইউ" টা বলা হয়নি। দু সপ্তাহের অপেক্ষার পর তোর ফটো দেখেছিলাম অরকুট এ, এক সুন্দরী মেয়ের কোমর জড়িয়ে সমুদ্রস্নাত তুই। প্রশ্নের জবাবে বলেছিলি আমি নাকি খুব ব্যাক ডেটড। বাকিটা গল্প।সাত টা বসন্ত পেরিয়ে সেই উনিশের আমি আজও ঐ লেক টার পাশে দেখি প্রতিনিয়ত কত নতুন প্রমিস,কত জোড়া ভাঙছে,কত জোড়া জুড়ছে,কত নতুন স্বপ্ন ফানুসের মত উড়ছে। আমি আর আমার মধ্যবিত্ত ভালোবাসা এগিয়ে যাই,পাখিদের ডানা ঝাপটানোর আওয়াজ আর ল্যাম্প পোস্টের মৃদু আলো জানান দেয় অন্ধকার নেমে এসেছে,শুরু হলো আলোর অপেক্ষা।
ইতি,
সেই মেয়েটা